রমজানে বেসরকারি অফিসের সময় ২ ঘণ্টা কমাল আমিরাত

পবিত্র রমজান উপলক্ষে বাজারদর কমানো, সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোসহ নানা পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে বেসরকারি খাতের চাকরিজীবীদের কর্মঘণ্টায় আনা হলো পরিবর্তন। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

সোমবার (১৩ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বেসরকারি খাতের চাকরিজীবীরা দিনে আট ঘণ্টা বা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করেন। রমজানে এটি দুই ঘণ্টা কমানো হবে। ফলে বেসরকারি খাতের চাকরিজীবীরা সপ্তাহে ৩৬ ঘণ্টা কাজ করবেন। এর বাইরে কাজ করতে হলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং এজন্য অতিরিক্ত অর্থ দিতে হবে।

এর আগে আরব আমিরাতে সরকারি চাকরিজীবীদের কর্মঘণ্টা সোম থেকে বৃহস্পতি সাড়ে পাঁচ ঘণ্টা এবং শুক্রবারে তিন ঘণ্টা করা হয়। মূলত, রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে আরব আমিরাত। এছাড়াও অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি।