যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতে নজিরবিহীন ধর্মঘট

যুক্তরাজ্যে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা তিন দিনের ধর্মঘট পালন করছেন। বেতনবৈষম্য দূর করার দাবিতে গত সোমবার থেকে তাদের ধর্মঘট চলছে। দেশটির স্বাস্থ্য খাতের নানা অসংগতি, বেতন বৃদ্ধির দাবি সংবলিত নানা ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাস্তায় এসে দাঁড়িয়েছেন স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি ঘণ্টা কাজ করে তারা যে পরিমাণ মজুরি পান, যুক্তরাজ্যে একটি অভিজাত কফিশপের কর্মীদের ঘণ্টাভিত্তিক মজুরি তার চেয়ে বেশি। অন্যদিকে করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধে দেশটিতে মূল্যস্ফীতি চরমে। তাই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবিতে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আওতাধীন কনিষ্ঠ চিকিৎসক, নার্স, প্যারামেডিকরা ধর্মঘট পালন করছেন। এর আগে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট করেছিলেন ব্রিটেনের রেলকর্মী ও হাসপাতালের নার্সরা।