ক্রেতাদের কাছে পোশাকের ‘ন্যায্যমূল্য’ চাইলেন সালমান

তৈরি পোশাকের বৈশ্বিক ক্রেতাদের চাপে অর্থ খরচ করে অনেক উদ্যোগ নিতে বাধ্য হলেও বাংলাদেশের উৎপাদকরা সেই তুলনায় পণ্যের দাম পাচ্ছেন না বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

গতকাল মঙ্গলবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের উপস্থিতির সুযোগ আমি বলতে চাই, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে ভয়াবহ চাপ দেওয়া হয়েছে ‘তোমার কাঠামোগত উন্নত করো, অগ্নিনিরাপত্তা উন্নত করো, শিশুশ্রমিক মুক্ত হও, এটা করো, সেটা করো।’

তিনি বলেন, ‘আমরা সবকিছু করছি। এসব করতে অনেক টাকা লাগে, অনেক বিনিয়োগ লাগে। কিন্তু ক্রেতারা এসে যখন দরদাম করে, তখন আমরা মূল্যটা পাই না। আপনাদের মান বজায় রাখতে যেসব কাজ আমাদের করতে হয়, যে পরিমাণ বিনিয়োগে আমরা বাধ্য হই, সেই বিবেচনায় আমরা প্রত্যাশা করি আপনাদের উচিত আমাদের পুরস্কৃত করা এবং অন্তত গ্রহণযোগ্য দামটা আমাদের দেওয়া।’

অনুষ্ঠানে উপস্থিত নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্য করে তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমান বলেন, ‘খুবই কম লাভের হার নিয়ে কাজ করছে পোশাকশিল্প এবং সেটা সংকুচিত হয়েছে মহামারীর আগে-পরে। নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে আমি এ সুযোগটা নিতে চাই যে, এটা আপনারা আপনাদের যেসব কোম্পানি ব্যবসা করতে আসে, তাদের বলতে পারেন, বিশেষ করে ন্যায্যমূল্যের বিষয়টি। এই মুহূর্তে দামের হার উৎপাদকদের জন্য খুব একটা ন্যায্য নয়।’

তৈরি পোশাকের আবর্জনা ‘রিসাইক্লিং’ নিয়ে বাংলাদেশে নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসি) আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

ঢাকায় তিন নর্ডিক দেশ সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ছিল অনুষ্ঠানের সহআয়োজক। সুইডিশ কোম্পানি এইচ অ্যান্ড এমসহ বিভিন্ন পোশাক ব্র্যান্ডের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তৈরি পোশাকের বৈশ্বিক খুচরা বিক্রেতা এইচঅ্যান্ডএম গ্রুপ, ইকিয়া, লিন্ডেক্স এবং সুইডেন ট্রেড অ্যান্ড ইনভেস্ট কাউন্সিলের সমন্বয়ে গঠিত ‘সাসটেইনেবল ফ্যাশন প্ল্যাটফর্মের’ পক্ষ থেকে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাকে মোট ব্যবহৃত কাপড়ের ৩৫-৪০ শতাংশ উৎপাদন পর্যায়ে আবর্জনা হয়ে যায়। বাকি অংশও ব্যবহারের পর আবর্জনায় পরিণত হয়। সে কারণে এটাকে সমন্বিত প্রক্রিয়ার মধ্যে রিসাইক্লিংয়ে নিয়ে আসতে হবে।

ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ফন লিন্ডে অনুষ্ঠানে বলেন, ‘তৈরি পোশাকের দ্বিতীয় সর্বোচ্চ উৎস হওয়ার কারণে বাংলাদেশকেও রিসাইক্লিংয়ের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এটা শুধু পরিবেশ ও জলবায়ুর স্বার্থে নয়, অর্থনৈতিক সুযোগও। এর মাধ্যমে হতে পারে নতুন খাতে সূচনা।’

অন্যদের মধ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।