সহিংস হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়গুলো

বিভিন্ন ইস্যুতে সহিংস হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়গুলো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপুরীর ওপর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের ঘটনা নাড়া দিয়েছে সারা দেশে। শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সংঘাতে জড়িয়ে পড়ছে। এতে প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে। 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাবি শিক্ষকের : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার প্রতিবাদে খালি পায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। পাশাপাশি গতকাল মঙ্গলবার ক্লাস নেওয়া থেকে বিরত থাকছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, এর প্রতিবাদে আমি এখানে অবস্থান নিয়েছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী আহত হলো এটি কোনোভাবেই কাম্য নয়। আমি অভিভাবক হিসেবে দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখনো হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনো কাটা হয়নি। এ অবস্থায় তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। আমি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।’

হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘শুরুতেই ঘটনাটি যে কারণেই ঘটুক না কেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পেয়েছে এটি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাস কন্ডাক্টরের সঙ্গে বাগ্্বিত-াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রাবির শিক্ষার্থীরা। শুরু হয় দুই পক্ষের ইট ছোড়াছুড়ি। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ওপর বহিরাগত হামলা, প্রতিবাদ কুবিতে : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবিতে গতকাল  আধা বেলা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, রচনাসমগ্র, কবিতা আবৃত্তি এবং গানের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনের মুখপাত্র রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু আমরা কোনো কার্যকর পদক্ষেপ কিংবা আশ্বাস পাইনি।’ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাঙ্গন। এভাবে বহিরাগত কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি : একাদশ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে পছন্দ করা নিয়ে দুই ছাত্রের বিরোধের জেরে হাতাহাতিতে জড়িয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মী। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বেলা ১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, ‘চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।’