যুক্তরাষ্ট্রের কবজায় জার্মানি, দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জার্মানিতে তার দখলদারিত্ব বজায় রেখেছে। রাশিয়ার একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট পুতিনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আত্মসমর্পণের কয়েক দশক পার হয়েছে। তবে এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না জার্মানি। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়ায় বোঝা যায় দেশটি এখনো ‘দখলদারিত্বের’ অধীনে রয়ে গেছে।

জার্মানিসহ পশ্চিমা দেশগুলো গত বছর রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের তদন্তের বিষয়ে সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, পাইপলাইনে হামলা ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছিল। তবে এই হামলার জন্য কে দায়ী তা এখনো স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউরোপীয় রাজনীতিবিদরা নিজেরাই প্রকাশ্যে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কখনোই সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন একপর্যায়ে জার্মানি থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে এবং দেশটিতে মস্কোর দখলদারিত্বের অবসান ঘটায়। কিন্তু এটি সবাই জানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা হয়নি। তারা জার্মানিতে দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

এদিন নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হওয়া বিস্ফোরণগুলো ‘রাষ্ট্রীয় স্তরে’ ও ‘ইউক্রেনপন্থি গোষ্ঠী’ এই হামলা চালিয়েছে বলে যে ধারণা মার্কিন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে খারিজ করে দেন প্রেসিডেন্ট পুতিন।