সরকারি চিনিকল চালুর দাবি

দেশে চলমান চিনির সংকট সমাধানে সরকারি চিনিকলগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, ভোক্তার চাহিদা মেটাতে বন্ধ হয়ে যাওয়া সরকারি চিরিকলগুলো চালুর এখনই সময়। গতকাল বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

এ ব্যবসায়ী নেতা বলেন, করোনার পর ইউক্রেন যুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানির ওপর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম বেড়েছে। ফলে বিভিন্ন পণ্যের দামের ওপর প্রভাব পড়েছে।

দেশে বন্ধ সরকারি চিনির মিলগুলো চালুর উদ্যোগ বিষয়ে মোস্তফা আজাদ বলেন, দেশে বন্ধ সরকারি চিনির মিলগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া বা বিদেশিদের সহায়তায় চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে করে চলমান চিনি সংকট কাটিয়ে ভোক্তার চাহিদা মেটানো সম্ভব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশে^র অন্য দেশে বিভিন্ন উৎসবে পণ্যের মূল্য ছাড় দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকে। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র।

রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিবছর রমজান এলেই ব্যবসায়ীরা পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। এবারের রমজানে অন্তত আপনারা কম লাভ করেন। রোজাদারদের মতো আপনারাও ব্যবসায় সংযত থাকুন।

চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হওয়ার আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, পণ্য তৈরিতে একটা খরচ আছে। কেউ যদি একটা পণ্যের অর্ধেক নির্ধারণ করেন তাহলে আপনাদের বুঝতে হবে কীভাবে সেই পণ্য ভোক্তাদের হাতে পৌঁছাবে। কোম্পানিগুলো মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছেন। কাজেই আপনারা বিজ্ঞাপনে আকৃষ্ট না হয় সবকিছু ভেবে কাজ করবেন।

ভোক্তা পর্যায়ে সচেতনতা ফেরাতে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, মানুষ পণ্য কিনে প্রতারিত হলে কোথায় অভিযোগ বা প্রতিকার পাওয়া যাবে তা জানত না। কিন্তু মানুষের মধ্যে এখন সচেতনতা বেড়েছে। তারা অভিযোগ করলেই প্রতিকার পাচ্ছে। এই বিষয়টি যেন প্রতিটি মানুষ জানতে পারে এর জন্য দেশের গণমাধ্যমগুলো বড় ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার রক্ষায় জাতিসংঘের অনুমোদিত অধিকারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি গোলাম রহমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।