কৃষির ৪৫ সেবা এক প্ল্যাটফর্মে

এখন থেকে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্ত ১৭টি দপ্তর কিংবা সংস্থার ৪৫টি নাগরিক সেবা মিলবে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে। কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট দুই কোটিরও অধিক জনগণ সরাসরি এসব সুবিধা ভোগ করবেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইট  (moa.gov.bd) থেকে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস  (http:// service.moa.gov.bd/portal/ home)  ট্যাবে ক্লিক করলেই এসব সেবা মিলবে।

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ডিজিটাল সার্ভিসের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, এ প্লাটফর্ম চালুর ফলে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর/সংস্থা প্রদত্ত নাগরিক সেবাসমূহ এক জায়গায় খুব সহজেই পাওয়া যাবে, সেবাপ্রাপ্তিতে সময় কম লাগবে ও যাতায়াত খরচ হ্রাস পাবে।

এই পোর্টালের মাধ্যমে বর্তমান নাগরিক সেবাসমূহকে (যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে) খাত, ধরন, দপ্তর অথবা অধিদপ্তর অনুসারে সন্নিবেশ করা হয়েছে। কৃষক, উৎপাদক, ব্যবসায়ী,  আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য কৃষি পরামর্শ, শস্য, লাইসেন্স ও নিবন্ধন, সার, অনুদান ও ভর্তুকি, সেচ এবং কীটনাশক বিষয়ে মন্ত্রণালয় ও সব সংস্থা প্রদত্ত সেবা ডিজিটালি পাওয়া যাবে। এখানে প্রতিটি সেবার বিপরীতে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে। কী প্রক্রিয়ায় , কত খরচে, কার মাধ্যমে, কত সময়ে এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে সেবাসমূহ পাওয়া যাবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সেবার সেবাপদ্ধতির ধাপসমূহ বর্ণনা করা হয়েছে।