ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিত ইকবালের বাড়ি শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ইকবালের সঙ্গে তার বাবা গোলাম নবীর টাকা লেনদেন নিয়ে বিরোধ হয়। এর জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঘর আটকে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাগ্নে মাহিন।