এডিসি হারুনের কাজ হচ্ছে সাংবাদিকদের হেনস্তা করা: ল’ রিপোর্টার্স ফোরাম

ল’ রিপোর্টার্স ফোরাম সাংবাদিকদের হেনস্তার জন্য রমনা জোনের এডিসি হারুন অর রশিদকে দায়ী করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আসলে সাংবাদিক নেতারা এ অভিযোগ জানান।

বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা পুলিশের পিটুনির শিকার হন।

এ ঘটনার পরদিন ডিবি প্রধান সাংবাদিকদের সঙ্গে দেখা করতে আসেন। তখন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারসহ অন্যদের সঙ্গে কথা বলেন হারুন অর রশিদ। তিনি সাংবাদিকদের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর টেলিফোনে ডিএমপি কমিশনার ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সঙ্গে কথা বলেন। তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে বলে জানান।

আলোচনায় সাংবাদিক নেতারা রমনা জোনের এডিসি হারুন অর রশিদকে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে আরো সতর্ক থাকার অনুরোধ জানান।

তারা বলেন, এডিসি হারুনের যেকোনো অপারেশনে কাজ হচ্ছে সাংবাদিকদের হেনস্তা করা। তারা বিভিন্ন সময়ে সাংবাদিকদের মারপিট, হেনস্তার কথা উল্লেখ করে তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার অনুরোধ জানান। ডিবি প্রধান এ বিষয়টি দেখবেন বলে জানান। সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে কথা বলে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।