শেকৃবি ক্যাম্পাসে শিশু ধর্ষণচেষ্টা, আটক ১

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) এলাকায় পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে শেকৃবি স্টাফ কোয়ার্টার মুসলিমপাড়া এলাকায় শিশুটিকে কৌশলে ডেকে নেন আসামি। এরপর তাকে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় শিশুটি ভীত হয়ে চিৎকার করলে তার খালা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷

প্রক্টর ড. হারুন-উর-রশিদ বলেন, আমি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ ছাড়া কোন ব্যবস্থা নিতে পারবো না। তা ছাড়া অভিযুক্ত যুবক আমাদের স্টাফদের কেউ না।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা আজিম নামে এক যুবককে শিশু ধর্ষণচেষ্টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছি। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মাঝে এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবাসিক এলাকাসহ শিক্ষার্থীদের মাঝে। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা এ ঘটনায় উদ্বিগ্ন এবং তারা নিজদের নিরাপত্তা নিয়েও চিন্তিত।