নাচের তালে বিদ্যুৎ উৎপাদন

স্কটল্যান্ডের এক ক্লাব গ্রাহকদের পরিবেশ সংরক্ষণে অবদান রাখার অভিনব সুযোগ করে দিচ্ছে। গ্লাসগো শহরের ‘এসডব্লিউজিথ্রি’ ক্লাব পার্টির অতিথিদের শরীরের উত্তাপ সংরক্ষণ করে পুনর্ব্যবহার করে। বডিহিট নামের প্রণালির আওতায় নাচের ফ্লোরকে ছোটখাটো জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করা হয়। আর সেখানে প্রত্যেক মানুষের অবদান ১৫০ থেকে ৪৫০ ওয়াট।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, ২০২২ সাল থেকে ক্লাবটি সারা দিন ধরে সেই জ¦ালানি ব্যবহার করে। জীবাশ্মভিত্তিক জ¦ালানির মাত্রা শূন্যে নিয়ে আসাই ক্লাবের লক্ষ্যমাত্রা। ক্লাবের অপারেশনস ম্যানেজার বব জাভাহেরি বলেন, ‘আমরা উত্তাপের ফলে সৃষ্টি হওয়া শক্তি ধারণ করে কাজে লাগানোর চেষ্টা করছি। সেই শক্তি সংরক্ষণ করে সেটি দিয়ে সরাসরি বা পরে কোনো সময়ে হিটিং বা এয়ার কন্ডিশনিং করার চেষ্টা করছি। এভাবে নিজেদের এনার্জি ফুটপ্রিন্ট এবং বিদ্যুতের ব্যবহার কমাতে চাই। সেই সঙ্গে গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চাই।’

তিনি জানান, সিলিংয়ে বসানো বিশেষ ফ্যান তিনটি ডান্সফ্লোর থেকে উষ্ণ বাতাস শুষে নেয়। তারপর হিট পাম্প সেই শক্তি এক ধরনের তরলের মাধ্যমে উঠানে পাঠিয়ে দেয়। দুটি ১০০ মিটার গভীর গর্তে সেই তরল সংরক্ষণ এবং পরে সেটির উত্তাপ ব্যবহার করা হয়।

ডয়চে ভেলে বলছে, অনবদ্য এ উদ্ভাবন করেছে জ্বালানি ক্ষেত্রের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ডেভিড টাউন্সএন্ড। তিনি তিন বছর ধরে চেষ্টার পর ফল পেয়েছেন। তিনি বলেন, ‘এক মিনিট বা তারও কম সময়ে সিলিংয়ের বাক্স থেকে উত্তাপ সরাসরি গর্তে চলে যায়। সেই উত্তাপ প্রয়োজনমতো সময়ে ধারণ করা যায়। যেমন রাতে উত্তাপ ভরে দিনের বেলায় সেটা বের করতে পারি। অথবা গ্রীষ্মে আমরা অনেক পরিমাণ উত্তাপ সঞ্চয় করে শীতে তা ব্যবহার করতে পারি; অর্থাৎ সংরক্ষণের সময়কাল প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে পারি।’

তবে প্রায় সাত লাখ ইউরো মূল্যের ‘বডিহিট’ প্রণালি বসানোর খরচ মোটেই কম নয়। তা সত্ত্বেও অন্যান্য ক্লাবও সেই পথে অগ্রসর হতে চাইছে। অপারেশনস ম্যানেজার হিসেবে বব জাভাহেরি মনে করেন, ‘বডি হিট’-এর সুন্দর বিষয় হলো, গ্রাহকদের সেই কাজে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের নতুন করে কিছুই করতে হচ্ছে না।