রমজানে ওমরাহর জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৮ লাখ বিদেশি

আসন্ন রমজানে পবিত্র ওমরাহ পালনের জন্য নাম নিবন্ধন করেছেন প্রায় সাড়ে আট লাখ বিদেশি। সৌদির টেলিভিশন আল আখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি আবদুর রহমান শামস। সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, ‘রমজান মাসে ওমরাহ পালনের জন্য এ পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ বিদেশি নুসুক প্ল্যাটফরমে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে।’

বিদেশিদের হজ ও ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপে নাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। নিবন্ধনের পাশাপাশি হজ ও ওমরাহ-যাত্রীদের জন্য সরকারের নির্দিষ্ট করা বিভিন্ন প্যাকেজ গ্রহণের ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদের। গত বছর ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০ দিন। চলতি বছরের ওমরাহ মৌসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লাখ বিদেশি যাত্রী ওমরাহ পালনের জন্য সৌদি আরব আসবেন বলে সরকার আশা করছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন আবদুর রহমান শামস।

অন্য এক খবরে বলা হয়েছে, নতুন হিজরি সাল শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন ৪৭ লাখের বেশি মানুষ। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। খবরে বলা হয়, সবচেয়ে বেশি ওমরাহ-যাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে, এর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। অন্য দেশগুলো হলো পাকিস্তান থেকে ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন, ভারত থেকে ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন, মিসর থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন, ইরাক থেকে ২ লাখ ৩৯ হাজার ৬০০ ৪০ জন। ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ওমরাহ পালন করছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।