রমজানে ইফতারের রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
ব্রেড পাকোড়া
উপকরণ
পাউরুটি ৪ পিস, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, মটরশুঁটি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চাট মসলা আধা চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ১ টেবিল চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পাউরুটি ছোট ছোট করে কেটে নিন।
২. এর সঙ্গে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, চাট মসলা, টমেটো সস, পরিমাণমতো লবণ দিয়ে মাখুন।
৩. এই মিশ্রণে ডিম, ময়দা ও চালের গুঁড়ো দিয়ে আবার মাখুন।
৪. গোল গোল বলের আকার বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
রঙ্গিলা বুন্দিয়া
উপকরণ
বেসন ১ কাপ, পানি সিকি কাপ, তেল ২ চা চামচ, সামান্য খাবার রং লাল, সবুজ, তেল সিকি কাপ।
সিরার জন্য : চিনি ১ কাপ, পানি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বেসনের ভেতর এক কাপ পানি ও তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।
২. বাটিতে পানি দিয়ে গুলানো বেসন অল্প করে পানিতে ফেলুন। বেসন যদি পানিতে ভেসে উঠে তাহলে বুঝবেন বেসনে পানির পরিমাণ ঠিক আছে।
৩. বেসনের গোলায় ফুড কালার মিশিয়ে নিন।
৪. এবার কড়াইতে তেল গরম করে বুন্দিয়া ভাজার ঝাঁজরিতে কিছু গোলানো বেসন নিন ও তেলের ভেতর বুন্দিয়া ফেলুন।
৫. বুন্দিয়া হালকা বাদামি রঙ হলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর ওপর রাখুন।
৬. এবার একটি কড়াইতে চিনির সঙ্গে আধা কাপ পানি দিয়ে সিরা তৈরি করে নিন। গরম সিরায় বুন্দিয়াগুলো ঢেলে দিন। অল্প আঁচে কিছু সময় নাড়–ন। বুন্দিয়া নরম হলে সিরা থেকে তুলে প্লেটে ঢেলে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
পেঁয়াজ কালিজিরার পাকোড়া
উপকরণ
বড় পেঁয়াজ ৩টি, সুজি সিকি কাপ, চালের গুঁড়ো সিকি কাপ, বেসন আধা কাপ, কালিজিরা আধা চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পেঁয়াজ খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে ভালো করে পানিতে ধুয়ে নিন।
২. এবার পেঁয়াজগুলোর ভাঁজ আলাদা করে নিন।
৩. এর সঙ্গে তেল বাদে সব উপকরণ ও সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নিন।
৪. কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে পাকোড়া আকারে ডুবো তেলে ভেজে নিন।
৫. ভাজা হয়ে গেলে গরম-গরম পরিবেশন করুন।
ওয়াটার মেলন মহিতো
উপকরণ
তরমুজের টুকরো সিকি কাপ, লেবুর টুকরো ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, পুদিনা পাতা ৫টি, সোডা ওয়াটার ২০০ মিলি, বরফ কুচি সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. গ্লাসে প্রথমে লেবুর টুকরো, পুদিনা পাতা ও তরমুজের টুকরো নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২. এর মধ্যে চিনি, বরফ কুচি ও পরিমাণমতো সোডা ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩. ওপরে দুটি পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।