কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গুদাম থেকে প্রায় ছয় মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকায় খবিরুল ইসলাম নামের ওই চাল ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি এসব চাল জব্দ করে ভূরুঙ্গামারী থানার পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খবিরুল ধান-চাল কেনাবেচা করে আসছেন। সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে বিক্রি করতেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের একটি দল সাদ্দাম মোড় এলাকায় চাল ব্যবসায়ী খবিরুলের গুদাম থেকে ১৪৮ মণ চাল জব্দ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আটক ব্যক্তি চাল ব্যবসায়ী। তার গুদাম থেকে চালগুলো জব্দ করে পুলিশ। ভিজিডি, ভিজিএফসহ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব চাল পাইকারি দরে কিনে তিনি তা গুদামে রাখেন।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।