সৈয়দপুর পৌরশহরের ওয়াপদা মোড় হতে তামান্না মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গোলাহাট এলাকাবাসীর ব্যানারে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে সড়কটি ওয়াপদা মোড় থেকে তামান্না মোড় পর্যন্ত পৌঁছেছে।
সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হচ্ছে না। সড়কে খানাখন্দের কারণে এলাকাবাসী যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন, এছাড়া যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সৈয়দপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ডাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, নওশাদ আনসারী, সারফারাজ, শাকিল আহমেদ, সোনিয়া খাতুন, রিফাত, দেলোওয়ার, শিফাত, অটোরিকশাচালক মুরাদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, হাসপাতালে যেতে হলেও আমাদের তিন কিলোমিটার ঘুরে মহাসড়ক দিয়ে যেতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার না হলে সৈয়দপুরবাসী পৌরসভা ঘেরাও করবে।
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।