জামালপুরে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

জামালপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের সময় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের পিটিআই মোড় থেকে তাদের গ্রেপ্তারের পর গতকাল সকালে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার শাহাবুদ্দিন (২৮) পৌর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার নাসিরুদ্দিনের ছেলে ও স্বাধীন (২৭) একই এলাকার আবু সাইদের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে চালক মোকলেছুর রহমান তার নিজের অটোরিকশায় একজন যাত্রী নিয়ে জামালপুর পৌর শহরের আসেন। বিকেল ৪টার দিকে ডাকপাড়া এলাকায় ডিবি পরিচয়ে তিন যাত্রী অটোরিকশায় উঠে শেখের ভিটা যেতে বলে। শেখের ভিটায় পৌঁছলে তারা অটোচালক ও এক যাত্রীকে জোরপূর্বক এক বাসায় নিয়ে মারধর করে ও ২ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়। এ সময় চালক ও যাত্রীকে উলঙ্গ করে একজন নারীর সঙ্গে আপত্তিকর ছবি ধারণ করে ২৫ হাজার টাকা দাবি করে। সম্মানের ভয়ে তারা বিকাশে আরও ৫ হাজার টাকা দেয়। একপর্যায়ে অটোরিকশার ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা করলে টহল পুলিশ টের পেয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ  থেকে নগদ ৭ হাজার ২০০ টাকা এবং অটোরিকশা জব্দ করা হয়। পরে এ ঘটনায় অটোরিকশা চালক মোখলেছুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’