চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দেশ রূপান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টা-১২টার মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা (নম্বর : ৪৩, তারিখ: ১৬.৩.২৩) করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে ধরতে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
গত বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলটি পার্কিং করে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে যান সাংবাদিক শামসুল ইসলাম। রাত ১২টা ১০ মিনিটে ভবনের নিচে নেমে দেখেন তার লাল-কালো রঙের হিরো গ্ল্যামার মডেলের মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা-মেট্রো-হ-৫৭-৩৬৮৩) নেই।
এদিকে সাংবাদিক শামসুল ইসলামের মোটরসাইকেল চুরির একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত বুধবার মধ্যরাত থেকে ঘুরছে। ভিডিওতে দেখা যায়, প্রেস ক্লাব ভবনের নিচে জামালখান সড়কের ফুটপাত ধরে কিছু পথচারীও আসা-যাওয়া করছিলেন। একপর্যায়ে কালো প্যান্ট আর সাদা শার্ট পরা যুবকটি শামসুল ইসলামের মোটরসাইকেলের গা-ঘেঁষে দাঁড়ায়। এরপর দু-এক সেকেন্ডের মধ্যে স্টার্ট দিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।