নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি পুরোনো ভবনের খাদ্য গুদামে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে আওলাদ হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আরও দশ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় পরিত্যক্ত একটি বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। ওই পরিত্যক্ত ভবনে চাল-ডাল-আটার একটি গুদাম ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণে ভবনের পেছনের একাংশ ধসে পড়েছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। ভবনটির মালিক জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ান। এই ভবনটি দীর্ঘ ১০ বছর ধরে পরিত্যক্ত হলেও এখানে কারখানার কাজ চলতো।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন ও দশজন আহত হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সেখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে ভবনের ভেতরে গ্যাসের পাইপ রয়েছে, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।