শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে ও ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রহল্লাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহাম্মদ বাগমার ও তার সহযোগী ফজলুল হক, ইজ্জত আলী এবং জিয়াউর রহমান খান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার (১৭ মার্চ) রাতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
নির্যাতনে শিকার যুবক একই গ্রামের উসমান আলী খানের ছেলে আরিফুল ইসলাম খান। আরিফ পেশায় দিনমুজুর। শতাধিক মানুষের সামনে তার ওপর নির্যাতন চালানো হলেও তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। নির্যাতনের পর তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
নির্যাতনের শিকার যুবকের ভাই আশরাফুল আলম খান বলেন, আমার ভাইকে অমানবিক নির্যাতনের ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছি। ওই অভিযোগে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করি। আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শ্রীপুর মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, আরিফ নামে এক যুবককে পাশবিক নির্যাতনের ঘটনায় শুক্রবার রাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতনে শিকার যুবকের বড় ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন।