কৃষ্ণ সাগরের আকাশে আবারও ড্রোন ওড়াল যুক্তরাষ্ট্র

রাশিয়ার জঙ্গি বিমানের বাধার মুখে পানিতে পড়ে ডুবে গিয়েছিল মার্কিন নজরদারি ড্রোন। এ ঘটনার পর কৃষ্ণ সাগরের আকাশে ফের নজরদারি ড্রোন ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ মার্চ) কৃষ্ণ সাগর অঞ্চলে একটি আরকিউ-৪ গ্লোবাল হক উড়িয়ে আবারও মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এমকিউ-৯ রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই ড্রোন ওড়াউড়ি করে।

ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ার আকাশসীমায় চক্কর দেয়। এরপর ড্রোনটি কৃষ্ণ সাগরের পূর্ব অংশে কয়েকবার চক্কর দিলেও ক্রিমিয়া ভূখণ্ডের ১০০ কিলোমিটারের কাছে যায়নি। কৃষ্ণ সাগর অঞ্চলে এই ড্রোনের মিশন স্থায়ী হয় মাত্র দুই ঘণ্টা। এর আগে সেখানে সাধারণত ১২ ঘণ্টা ড্রোন ওড়াউড়ি করত।

এক মার্কিন কর্মকর্তা বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) ড্রোন বিধ্বস্তের ঘটনার পর এই প্রথম ফ্লাইট পরিচালনা করা হলো। যদিও এর আগে পেন্টাগনের কর্মকর্তারা বলে আসছিলেন, একটি নজরদারি ড্রোন হারানোর পরও এ ধরনের মিশন বন্ধ করবে না ওয়াশিংটন।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন এমকিউ-৯ নজরদারি ড্রোন ডুবিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ঘটা প্রথম সরাসরি ঘটনা। এ ঘটনায় ওয়াশিংটন ও মস্কো প্রকাশ্যে একে অপরকে দায়ী করেছে। এতে দুইপক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।