চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। তিনি আজ শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিট থেকে রয়েছেন গাজীপুর জেলা কারাগারে। তবে, জামিনের পর মুক্তি পেতে আর তার বাধা নেই। এরই মধ্যে মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, 'কাজগপত্র রেডি হচ্ছে। সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পাবেন।'
আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ফোনে এ তথ্য জানান জেল সুপার। তিনি বলেন, 'আমরা দ্রুত কাজ করছি।'
এদিকে আজ শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে তার জামিন দেওয়া হয়। শুনানি শেষে বিচারক ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আদালত মাহির জামিন মঞ্জুর করেন।
জানা যায়, এর আগে দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার আগে বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ।