মায়ের মৃত্যু: চিন্ময় দাসের প্যারোলে মুক্তি

চিন্ময় কৃষ্ণ দাসের পুরো নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির পেয়েছে। বড় ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। তবে তিনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা ছিল তার। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

চিন্ময় কৃষ্ণ দাসের পুরো নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত