মোংলা বন্দর

ড্রেজার থেকে পড়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার

মোংলা বন্দরের পাঁচ নম্বর জেটিতে খনন কাজে নিয়োজিত ড্রেজার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বন্দরের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসডি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিস্কার করার সময় শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। ওয়াররোপ ছিড়ে যাওয়ায় কাটারটি নদীর তলদেশে চলে যায়। তখন কাটারের ময়লা পরিস্কার করতে থাকা দুই শ্রমিক ওয়াররোপের সাথে জড়িয়ে জেটি সংলগ্ন পশুর নদীতে পড়ে যান। তারা নৌকা থেকে কাটারটি পরিষ্কারের কাজ করছিলেন।

নদীতে পড়ে যাওয়ার পর দুজনের মধ্যে মাজেদ (৫০) নামে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নাইম দেওয়ান (২৫) নামের এক শ্রমিক নিঁখোজ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে, স্থানীয় ডুবুরি-বন্দর-ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি সনাক্ত করেন স্থানীয় ডুবুরিরা। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে কাটারচাপা পড়ে নিহত নাইমের লাশ উদ্ধার করেন ডুবরিা। উদ্ধারের পর লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নাইম দেওয়ানের বাড়ি মুন্সীগঞ্জে।

এদিকে বন্দর সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের নিজস্ব এ ড্রেজারটি গোপালগঞ্জের এজেড ড্রেজিং কোম্পানির কাছে ভাড়া দেওয়া ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর খান মেজবাহ ড্রেজার ভাড়া নিয়ে বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খনন শুরু করেন। নিহত শ্রমিক নাইম এজেড ড্রেজিং কোম্পানির অধীনে কর্মরত ছিলেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ রবিবার (১৯ মার্চ) বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে নৌ পুলিশ।