মসজিদে হারাম ও নববিতে যারা তারাবি পড়াবেন

প্রতি বছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের নাম ঘোষণা করা হয়েছে।

গত বুধবার ইমামদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। এ সময় রমজানবিষয়ক প্রস্তুতি দেখতে মসজিদে হারাম পরিদর্শনে আসেন মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ।

প্রকাশিত তালিকা অনুসারে মসজিদে হারামে প্রতিদিন দুজন ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। এবার পাঁচজন ইমাম তারাবির নামাজে ইমাম হিসেবে থাকবেন।

তারা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ।

তারা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজে (কিয়ামুল লাইল) ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে মসজিদে হারামের ৩২ বছরের ইমাম শায়খ ড. সউদ বিন ইবরাহিম আল শুরাইম অবসর গ্রহণ করায় প্রকাশিত তালিকায় তার নাম দেখা যায়নি। অনেকেই আশা করেছিলেন, তিনি অন্তত তারাবির নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

অন্যদিকে এ বছর মসজিদে নববিতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তারা হলেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, ড. আহমদ আল হুজাইফি, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম। তারা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।