দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গেছেন চলাফেরায় অক্ষম এক নারী। সদর উপজেলার কমলপুর ইউনিয়নের ধীরাশাইল গ্রামে গত শুক্রবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (৬৫) খানপুর ডাক্তারপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন জাহানারা বেগম। ধীরাশাইল গ্রামে ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তিনি থাকতেন। গত শুক্রবার রাত আড়াইটার দিকে বাড়িটিতে আগুন লাগে। এ সময় পরিবারের অন্যরা পারলেও জাহানারা বেগম বাড়ি থেকে বের হতে পারেননি। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুড়ে মারা যান জাহানারা বেগম।
কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তাই তিনি আগুনের সময় বাড়ি থেকে বের হতে পারেননি।