১ থেকে ৫ জানুয়ারি, ২০২১ এ মাউন্ট মঙ্গানুই টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে। সেই জয়ের নায়ক ছিলেন ফাস্ট বোলার এবাদত হোসেন দ্বিতীয় ইনিংসে তার ২১-৬-৪৬-৬ বোলিংয়ের জন্য। উইজডেন সাময়িকীর রিভিউয়ের মতো ‘ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস’ও টেস্টে ২০২২’র সেরা বোলিংয়ের স্বীকৃতি দিয়েছে এবাদতের ওই বোলিংকে।
এই স্বীকৃতি পাওয়ার দৌড়ে এবাদতের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২০২১’র মার্চে লাহোর টেস্টে পাকিস্তানের বিপক্ষে এক স্পেলে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন কামিন্স, ২১৪/৩ থেকে ২৬৮তেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান যে স্পেলে। এর আগের মাসে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে হেনরির ৭/২৩ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৯৫ রানে। কিন্তু এবাদতকে তারা ছাপিয়ে যেতে পারেননি। খ্যাতনামা ক্রিকেটার, সাংবাদিকদের ভোটে সেরা হয়েছেন এবাদত। সেই সঙ্গে গত ৭ ডিসেম্বর মিরপুরে ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ম্যাচজয়ী ইনিংস পেয়েছে সেরা ওয়ানডে ব্যাটিংয়ের স্বীকৃতি। ওই ইনিংসে ২৭১ রান করে ভারতকে ৫ রানে হারিয়েছিল বাংলাদেশ সেই ওয়ানডেতে।
ক্রিকইনফোর কিছু তথ্যপঞ্জিও বুঝিয়ে দিয়েছে, এবাদতের সেই স্পেলের গুরুত্ব কতটা। ২০১৩ সাল থেকে মাউন্ট মঙ্গানুইয়ে ওই টেস্টের মাঝে ৮ বছরে বাংলাদেশের কোনো ফাস্ট বোলার ৫ উইকেট পাননি। এবাদতের সেই স্পেল দিয়ে খরাটি কাটে। ওই টেস্টের আগে এই সংস্করণে তার বোলিং গড় ছিল ৮১.৫৪। সেই টেস্টের পর বোলিং–গড় নেমে আসে ৫৬.৮৭ তে। সেই টেস্টে বাংলাদেশের সব পেসার মিলে নিয়েছিলেন মোট ১৩ উইকেট। টেস্টে এক ম্যাচে বাংলাদেশের পেসারদের এটাই সেরা সাফল্য। সেখানে এবাদতের নিজের অবদান ছিল ৭ উইকেট। প্রথম ইনিংসে ৭৫ রানে নিয়েছিলেন ১ উইকেট। এবাদতের ওই স্পেলের মাহাত্ম্য বর্ণনা করেছিল উইজডেন তার জানুয়ারির রিভিউয়ে : চার ফিফটিতে প্রথম ইনিংসেই ১৩০ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভারে প্রথম বল হাতে নেন এবাদত, টানা ৯ ওভারের প্রথম স্পেলে ২৩ রান দিয়ে ব্রেক থ্রু দেন ডেভন কনওয়েকে আউট করে। ৪৮তম ওভারে দ্বিতীয় স্পেলের জন্য যখন ফেরেন এবাদত, নিউজিল্যান্ড তখন ১১৭/২। এই স্পেলের চতুর্থ ওভারেই তিন বলের মধ্যে উইকেট উপড়ে ফেলেন উইল ইয়াং (৬৯) ও সদ্য খেলতে আসা হেনরি নিকোলসের। নিজের পরের ওভারে টম ব্লান্ডলকে এলবিডব্লিউ করে এবাদত নেন চতুর্থ উইকেট। ৭ ওভারের স্পেলের পর অধিনায়ক বিশ্রাম দেন এবাদতকে। পরের দিনের দ্বিতীয় ওভারের, দ্বিতীয় বলেই রস টেইলরের ১০৪ বলের প্রতিরোধ ভেঙে দেন এবাদত, আবার বোল্ড। প্রথমবার ৫ উইকেট এবাদতের (১৮-৪-৪১-৫)। কিছুক্ষণ পর কাইল জেমিসনকে আউট করে নেন ষষ্ঠ উইকেট। ১৬০/৭ এ পরিণত নিউজিল্যান্ডকে আর ৯ রানের মধ্যে মুড়িয়ে ৪০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।
‘এবাদত হোসেন দ্রুততম বোলার নন, সুইংও খুব বেশি নয়, আর উচ্চতাও ৬ ফুট না। কিন্তু কখনো কখনো এমন হয়, দুর্দান্ত একটি টেস্ট স্পেল করতে এসবের কোনো কিছুরই দরকার পড়ে না। কখনো কখনো জীবনে সব রকম অবিচার সহ্য করার পর পরিশ্রম ও ধৈর্যের ফল মেলে’ রিভিউয়ে এবাদতের বিশেষত্বের এভাবেই বর্ণনা করেছিল উইজডেন।