মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় রেলিং ভেঙ্গে খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিল না। সনদ ছাড়াই চলছিল বাসটি।
দুর্ঘটনাকবলিত বাসটির (ঢাকা মেট্রো ব ১৫-৩৩৪৮) ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
তবে বাসটির বৈধ নিবন্ধন রয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।
বাসে থাকা যাত্রীরা জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল।
উদ্ধারকর্মীদের মতে এক্সপ্রেসওয়েতে চালকেরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান, যা এখানে দুর্ঘটনার প্রধান কারণ।
রবিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা গেছেন ১৪ জন। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ জনে।