সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৮ মার্চ) প্রেসিডেন্ট বাশার ছাড়াও ১৪০ ব্যক্তি এবং ৩০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত জারি করা একটি ডিক্রি প্রকাশিত হয়েছে। তবে নিষেধাজ্ঞা আরোপ করা বেশিরভাগ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরান এবং রাশিয়ার। এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এমনকি তাদের কোনো সম্পদ ইউক্রেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
সম্প্রতি রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। দুই শীর্ষ নেতার বৈঠকের পরই বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশে অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদকে সরাসরি সমর্থন দিয়ে আসছে রাশিয়া। দেশটিতে রাশিয়ার সেনাঘাঁটি রয়েছে এবং আসাদকে রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছেন পুতিন।