মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের পরেই সারা দেশে রয়েছে আনারসের খ্যাতি। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সারাবছরই কমবেশি আনারস পৌঁছে যায়। আর এবার দেশজোড়া খ্যাতি সেই আনারসের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগ।
আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলও। আমাদের দেশে মূলত সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ব্যাপক পরিসরে আনারস চাষ হয়। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎপাদিত আনারস দেশখ্যাত। রসে ভরপুর শ্রীমঙ্গলের আনারসের জুড়ি মেলা ভার। আনারস ফল হিসেবে খাবারের পাশাপাশি জ্যাম, জুস কিংবা জেলি হিসেবে খাওয়া যায়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানায়, পাহাড়ি উঁচু-নিচু টিলায় ষাটের দশক থেকে আনারস চাষ শুরু হয়। এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু আনারস চাষের জন্য খুব উপযোগী। উপজেলার মোহাজেরাবাদ, বিষামণি, হোসেনাবাদ, বালিশিরা, ডলুছড়া, সাতগাঁও, নন্দরানী ও মাইজদীর পাহাড়ি এলাকার প্রায় ৩১০ হেক্টর জমিতে আনারস চাষ হয়।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সূত্রধর বলেন, শ্রীমঙ্গলে এবার ৩১০ হেক্টর জমিতে হানি কুইন ও জায়ান্ট কিউ- এ দুই ধরনের আনারসের চাষ বেশি হয়েছে। আমরা এর উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছি। তিনি আরও জানান আনারসের উৎপাদন বৃদ্ধির জন্য চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে।