দিনাজপুরের পার্বতীপুরে এক গাভির চারটি বাছুর জন্মদানের খবর পাওয়া গেছে। এর মধ্যে বকনা (মেয়ে) বাছুর তিনটি ও ষাঁড় (ছেলে) বাছুর একটি।
আজ রবিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাড়ারপাড় গ্রামের রমজান আলীর বাসায় দুপুরে একটি গাভি চারটি বাছুর জন্ম দেয়।
রমজান আলী জানান, তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করেন। রবিবার দুপুরে তার একটি ফ্রিজিয়ান জাতের গাভি চারটি বাছুর জন্ম দেয়। একে একে চারটি বাছুর স্বাভাবিক প্রসব হওয়ায় তিনিসহ পরিবারের সদস্যরা অবাক হন। তিনি বলেন, আমি একটি গাভির একাধিক বাছুর প্রসবের খবর শুনেছি। কিন্তু চারটি বাছুর হওয়ার খবর কখনও শুনিনি। এমন কি আমার বাড়িতেও আগে কোনোদিন একটি গাভির একাধিক বাছুর প্রসব হয়নি। এটাই প্রথম। আল্লাহ আমাকে উপহার দিয়েছে একসঙ্গে চারটি বাচ্চা।
রমজান আলী জানান, ফ্রিজিয়ান জাতের ওই গাভিটিকে তিনি কৃত্রিম প্রজনন করান। তারা স্বামী-স্ত্রী মিলে বাড়িতে ফ্রিজিয়ান জাতের ৫টি গাভি পালন করেন। গাভিটির পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। তিনি বলেন, আজ আমাদের কষ্ট সার্থক হয়েছে। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে।
গাভিটির চারটি বাছুর প্রসব করান পশু চিকিৎসক মো. নুর আলম। তিনি বলেন, গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। বাছুরগুলো এবং গাভি পুরোপুরি সুস্থ্য রয়েছে। সম্প্রতি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে জাহাঙ্গীর আলম বিপ্লবের বাড়িতে একটি ছাগলের ৫টি ছানা প্রসব হয়।