মেডিক্যাল কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: অটোরিকশা চালকের যাবজ্জীবন

সাত বছর আগে বেসরকারি মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে জামশেদ আলম নামে এক সিএনজি অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা। রবিবার (১৯ মার্চ) দুপুরে এ রায় দেওয়া হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জামশেদ।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী জানান, নারী চিকিৎসককে (ঘটনার সময় ছাত্রী) ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জামশেদকে যাবজ্জীবনের পাশাপাশি পৃথক ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সূত্রটি জানায়, ২০১৬ সালের ২৪ এপ্রিল সন্ধ্যায় নগরের জিইসি এলাকা থেকে বায়েজিদ এলাকার বাসায় যাওয়ার জন্য আসামি জামশেদের অটোরিকশা ভাড়া করেন ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় যানজটের অজুহাত তুলে সঠিক পথ দিয়ে গন্তব্যে না গিয়ে ষোলশহর বন গবেষণাগার ইনস্টিটিউট সড়কে দিয়ে গেলে ভুক্তভোগী প্রতিবাদ করেন।

এক পর্যায়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামশেদকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচলাইশ থানায় মামলা করেন। ঘটনার তদন্তে ২০১৬ সালের ১১ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০১৭ সালের ৭ জুন আসামি জামশেদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। রাষ্ট্র পক্ষে ৭ জনের সাক্ষ্য শেষে আজ রবিবার এ রায় দেন আদালত।