প্রিয় মা ও বাবা আমার শরীরে খুব ব্যাথা করে। ব্যাথাটি বুকের বামপাশে। আমি সহ্য করতে পারি না। এই কথাটি আমি কাউকে বলিনি সবাই চিন্তা করবে এই জন্য । আমি নিজেকে সহ্য করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি। যার জন্য আমি নিজেকে রক্ষা করার জন্য এই কাজটি করেছি। আমার চাচার কবরের পাশে আমাকে কবর দিও।
সিরাজগঞ্জ শাহজাদপুরে চিরকুটে কষ্টের কথা লিখে ইমামুল চৌধুরী নামক (২৩) বছর বয়সের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার ১৯শে মার্চ সকাল আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে।
উপজেলাধীন কৈজুরী ইউনিয়নের জয়পুরা গ্রামের কৃষক হাবিল চৌধুরীর ছেলে ঠুটিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী ইমামুল চৌধুরী ঘরের আরার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটায়। পরে ইমামুলের পিতা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন, তার সাড়া না পেয়ে জানালায় উকি দিয়ে ইমামুলের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পাশের রুম দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে স্থানীয়দের সহযোগীতায় ইমামুলের দেহ নিচে নামানো হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামুলের মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে পুলিশ ইমামুলের লাশ থানায় নিয়ে আসে।
প্রতিবেশী নয়ন আলী ও অন্যান্য প্রতিবেশীরা জানান যে, ইমামুল খুবই ভদ্র ও ধার্মিক প্রকৃতির মানুষ ছিলো। তিনি কলেজের চাকুরীর পাশাপাশি টিউশনিও করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইমামুলের লাশ উদ্ধার ও মরদেহের সাথে ৪ পৃষ্ঠার চিরকুটও উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।