ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে রিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯মার্চ) রাত ১০টার দিকে পৌর শহরের গেইটপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এক সন্তানের জননী নিহত রিনা বেগম শহরের বজ্রাপুর হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। তার স্বামী মো.নুরে আলম একজন পান দোকানদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১০টার দিকে রিনা বেগম মোবাইল ফোনে কথা বলতে বলতে গেইটপাড় এলাকায় রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো.গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।