চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমেদকে পরিষদ কার্যালয়ে মারধর করে বহিষ্কার হয়েছেন পাঁচজন ইউপি সদস্য। গত বছর ২৩ নভেম্বর দুপুরে তারা ওই ইউপি সচিবকে মারধর করেন। এ ঘটনার তদন্ত শেষে জড়িত পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি হয় গত ১৬ মার্চ। তবে তা প্রকাশ পায় গতকাল সোমবার।
বরখাস্ত ইউপি সদস্যরা হলেন পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের মনিরউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের ফরিদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফারুকুজ্জামান ও ৯ নম্বর ওয়ার্ডের মামুনুর রশিদ। ইউপি সচিব মারধরের ঘটনার প্রতিকার চেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করেন এবং আদালতে অভিযোগ দিলে তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়।