২০২২ সালের বার্ষিক আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলালিংক। নিয়মিত ফোরজি নেটওয়ার্কে বিনিয়োগ করায় ভালো ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তারা জানান, নেটওয়ার্কের গতি ৪০ শতাংশ সম্প্রসারণের ফলে ডিজিটাল সাইটের সংখ্যা বেড়ে বর্তমানে ১৪ হাজার ১০০ অতিক্রম করে।
গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এসব তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর টফির দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫২ লাখ, যা পূর্ববতী বছরের তুলনায় ৫ গুণ বেশি।
এ ছাড়া ২০২২ সালে বাংলালিংকের আয় পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ কোটিতে দাঁড়ায়। টানা তিন প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।
এ সময় বাংলালিংক বোর্ডের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগু বলেন, দেশে ভিওনের ধারাবাহিক বিনিয়োগের সুস্পষ্ট ফলাফল দেখে আমি আনন্দিত। টানা তিন প্রান্তিকে বাংলালিংকের দুই অঙ্কের প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে আমাদের সাফল্যের প্রমাণ। বাংলালিংক স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে ভূমিকা রাখতে এগিয়ে যাচ্ছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, সমগ্র দেশে বিস্তৃত অপারেটর বাংলালিংক ২০২২ সালে ডিজিটাল পাওয়ার হাউজ হিসেবে প্রবৃদ্ধির নতুন যুগের সূচনা করেছে।
তিনি বলেন, বছরটিতে আমাদের প্রবৃদ্ধির হার টেলিকম খাতের প্রবৃদ্ধির হারের দ্বিগুণ। নেটওয়ার্কের সর্বোচ্চ গতি এবং দেশব্যাপী বিস্তৃতি নিয়ে আমরা এই বছর গ্রাহকদের সেরা মানের সংযোগ দিতে প্রস্তুত।