এই মুহূর্তে রাশিয়া সফরে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু এর মাঝেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে রুশ অধিকৃত অঞ্চল ক্রিমিয়ায়।
মূলত রাশিয়ার কার্গো বহরে এক বিস্ফোরণে রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রুশ কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় ড্রোনের মাধ্যমে হামলা করা হয়েছে।
সোমবার রাতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে রেলপথে পরিবহণ করা রুশ ক্ষেপণাস্ত্র এক বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে গেছে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন জানায়, ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ব্ল্যাক সি নৌবহরে ব্যবহারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো।
অন্যদিকে উপদ্বীপটির ঝানকোই শহরের রুশ-নিযুক্ত প্রধান ইহোর ইভিন জানান, ‘ওই এলাকায় ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে। এতে বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে এবং পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে।’
তিনি আরো জানান বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেননি।
এর আগে গত বছরের অক্টোবরে ক্রিমিয়ান বন্দরনগরী সেভাস্তোপলে ব্ল্যাক সি ফ্লিটে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছিল রাশিয়া। যদিও ইউক্রেন সেই হামলার দায়ও স্বীকার করেনি।