পুলিশের সামনে ব্যালট ছিনতাই

সিরাজগঞ্জের বেলকুচিতে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পুলিশের সামনেই ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ থেকে স্কুল প্রাঙ্গণে ভোট শুরু হয়। অভিভাবক সদস্য চারজন, শিক্ষক প্রতিনিধি তিনজন, বিদ্যোৎসাহী সদস্য একজনসহ মোট ভোটার আট জন।

স্কুলের সভাপতি পদে শাহজাহান আলী সরকার ও রবিন হাসান রকি প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা যায়, ফলাফল ঘোষণার আগেই রবিন এক ভোটে পরাজিত হয়েছেন এমন খবর শুনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে ব্যালট ও রেজুলেশনের খাতা ছিনতাই করেন।

এ সময় রবিন ও তার সহযোগীদের হামলায় স্কুলের অফিস কক্ষে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম সহ দশজন গুরুতর আহত হন।

ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর বলেন, সভাপতি প্রার্থী রবিন হাসান রকির নেতৃত্বে পুলিশের সামনেই ব্যালট ছিনতাই ও আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে।

প্রিজাইডিং অফিসার নাজির উদ্দিন ব্যালট ছিনতাইয়ের কথা স্বীকার করে বলেন, নির্বাচন শেষে ভোট গণনার পর শাহজাহান আলী সরকারের কাছে রবিন হাসান রকি এক ভোটে পরাজিত হন, রেজ্যুলেশন শেষ করে ঘোষণা দেওয়ার আগেই এই সংবাদ পেয়ে সন্ত্রাসীরা এসে পুলিশের সামনেই আমার হাত থেকে ব্যালট পেপার ও রেজ্যুলেশন খাতা ছিনিয়ে নেয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো আসলাম হোসেন বলেন, ব্যালট ছিনতাইয়ের সময় আমার ফোর্স সেখানে ছিল না ।

উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বলেন, রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট ও রেজ্যুলেশন খাতা ছিনতাইয়ের ঘটনাটি অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।