মৌলভীবাজারের কুলাউড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আকস্মিকভাবে কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আধা ঘন্টাব্যাপী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘূর্ণিঝড়ে উপজেলার সদর, পৃথিমপাশা, টিলাগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কুলাউড়ায় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে টিলাগাঁও রেলস্টেশনের ঘরের টিন ও ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মালিক জানান, ঝড়ে টিলাগাঁয়ের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছবপুর, বালিয়া, লহরাজপুর, সালামতপুর, কামালপুর, বিজলী, আমানিপুর, পাল্লাকান্দি ও নইমপুর এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়। এ ছাড়া ঝড়ের সময় টিলাগাঁও স্টেশনে আশ্রয় নেওয়া ৩ জন ও লালবাগ এলাকায় গাছ পড়ে ২ জন আহত হন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, বিষয়টি শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।