ইউপি নির্বাচন

গোপালগঞ্জে পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে পুলিশের গুলিতে আহত ইয়াসিন শেখ (৩৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস সংলগ্ন বিএনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতের ভাবী আমেনা বেগম মুঠোফোনে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ইয়াসিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের রাজ্জাক শেখের ছেলে। পেশায় সে একজন ট্রলি চালক ছিল।

সদর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, ‘একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি।’

জানা যায়, গত সোমবার সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনে সদস্যপ্রার্থী সাবু মোল্লাকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ফলাফল বাতিলের দাবিতে পরাজিত ৩ প্রার্থী মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী সমর্থকদের সঙ্গে নিয়ে ইভিএমসহ নির্বাচনী মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে ইয়াসিন সেখ, কালাম শেখ ও সম্রাট মোল্লা গুলিবিদ্ধ হয়। এছাড়া ১০ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়।