ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা ছুটিতে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে।
হাদি ইসলাম ও শাহ আলম কিরণের ফেসবুক আইডি থেকে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার বিষয়টি জানা গেছে। এদিকে ছুটি না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ছালমা খাতুন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জহিরুল হক বিল্লাল উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাশর এর ইউপি সদস্য। স্থানীয় বাসিন্দাগণ বিভিন্ন প্রয়োজনে তার কাছে গিয়ে থাকেন। কিন্তু বিভিন্ন প্রয়োজনে স্থানীয়রা কয়েকদিন যাবৎ তাঁকে খুজে পাচ্ছেন না। পরে, হাদি ইসলাম ও শাহ আলম কিরণ নামের ফেসবুক আইডি থেকে অন্যান্যরা জানতে পারেন উন্নত চিকিৎসার জন্যে জহিরুল হক বিল্লাল গত শনিবার রাত ৯টা ১০ মিনিটে থাইল্যন্ড গিয়েছেন।
জানা যায়, কোন প্রয়োজনে কোন ইউপি সদস্যকে বিদেশ যেতে হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করে ছুটি নিতে হয়। কিন্তু, ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল তা করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, জহিরুল হক বিল্লাল একটি ঘনবসতিপূর্ণ এলাকার মেম্বার। বিভিন্ন প্রয়োজনে তাকে বেশ কয়েকদিন যাবত তারা খুঁজে পাচ্ছেন না।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘ কয়েকদিন যাবৎ তার সাথে আমার কোন যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন তা বলতে পারব না। তবে, আমি লোকমুখে শুনেছি চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ছালমা খাতুন জানান, নিয়মমাফিক দেশের বাহিরে গেলে, ছুটি নিতে হয়। তিনি ছুটি ছাড়াই দেশের বাহিরে যাওয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্যে ইউপি সদস্য জহিরুল হক বিল্লালের মোবাইল একাধিকার ফোন দিয়েও সংযোগ না পাওয়া যায়নি।