স্বল্প আয়ের জনগোষ্ঠীর ওপর পেট্রোলে উচ্চমূল্যের বোঝা সরাতে অভিনব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি ধনীদের কাছ থেকে পেট্রোলে অতিরিক্ত ১০০ রুপি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে ভর্তুকি দেওয়া হবে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য। কম দামেই জ্বালানি পাবে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।
এর আগে সোমবার (২০ মার্চ) সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। তিনি বলেন, সরকার বিত্তশালীদের কাছ থেকে পেট্রোলের জন্য ১০০ রুপি বেশি নেবে, যাতে স্বল্প আয়ের জনগোষ্ঠীর জ্বালানি শুল্কে এই অর্থ ব্যয় করা যায়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দরিদ্রদের জন্য ভর্তুকি প্যাকেজ ঘোষণা করার একদিন পর পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। যদিও প্যাকেজ অনুযায়ী, স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে প্রতি লিটার পেট্রোলে ৫০ রুপি ভর্তুকি দেওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক বলেন, আগামী ৬ সপ্তাহের মধ্যেই চালু হচ্ছে নতুন নীতি, যা পরবর্তীতে গ্যাসের ক্ষেত্রেও কার্যকর করা হবে। এর মাধ্যমে সম্ভব হবে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনা।
তীব্র ডলার সংকটের কারণে হুমকির মুখে রয়েছে পাকিস্তানের অর্থনীতি। দেশটিতে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। ফলে দরিদ্র পরিবারগুলোর কোনোমতে টিকে থাকাও কষ্টকর হয়ে গেছে। ২২ কোটি মানুষের দেশটির একটি বড় অংশ দারিদ্রসীমার নিচে বাস করে। এ অবস্থায় স্বল্প আয়ের জনগোষ্ঠীর ওপর চাপ কমাতে নতুন পদ্ধতি বেছে নিল শেহবাজ সরকার।