ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের ভাষ্য, আসছে ঈদকে সামনে রেখে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনসহ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এসময় হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার মহাসড়কের উচ্ছেদকৃত শিমরাইল এলাকা পরিদর্শন করেন।