দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন করা গেলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে। ফলে বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামবে বলে আশা করা যায়।
গতকাল বুধবার দুপুরে রবার্টসন্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ১৫টি দুর্যোগপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। এসব এলাকায় বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে। এছাড়াও মৃত্যুর হার শূন্যে নামাতে ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনো একনেকে পাস হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তা হবে বলে আশা করেন তিনি। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।