নারায়নগঞ্জের ফতুল্লার বাসায় বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে সন্তান জন্ম দেয়া উম্মে কুলসুম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের এনআইসিইউ'তে ভর্তি রয়েছে তার ১০ দিন বয়সি নবজাতক ছেলে।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় কুলসুম। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর শ্বাসনালীসহ শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার পরদিন (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান হয় তার। তবে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা গেছেন।
এর আগে রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মাজদাইল এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার বাসায় এই ঘটনা ঘটে।
কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, তিনি ফতুল্লায় ব্যবসা করেন। ঘটনার সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। আগুনের সংবাদ পেয়ে বাসায় গিয়ে তিনি দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। আর বাসার ভিতর থেকে কুলসুম ও তাদের বড় ছেলে খালিদ (৩)। তবে কি থেকে এমন বিস্ফোরণ তা জানাতে পারেননি তিনি।