১০ উইকেটের প্রথম জয় বাংলাদেশের

বাংলাদেশি পেসারদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। কোনো মতে এক শ রানের গণ্ডি স্পর্শ করে দলটি। পরে ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ফলে লক্ষ্যটা স্বাগতিকরা টপকে যায় ‍খুব সহজেই। তুলে নেয় রেকর্ড গড়া জয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুবাদে সিরিজটাও নিজেদের করেছে টাইগাররা। ওয়ানডেতে এই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা। দুই ওপেনার তামিম ও লিটন অবিচ্ছিন্ন থাকেন। লিটন ৩৮ বলে ১০ চারে অপরাজিত ৫০ রান করেন। তামিম ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে রেকর্ড ১৮৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ এক ইনিংস পরই ভেসে যায় বৃষ্টিতে। এ ম্যাচের জয়ে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টিস ক্যাম্পার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লর্কান টাকার। দলটির আর কেউ দুই অঙ্কের স্কোরও গড়তে পারেননি।

আইরিশদের সবকটি উইকেট নেন বাংলাদেশের পেসাররা। আন্তর্জাতিক ক্রিকেটেই এই স্বাদ তারা পেল প্রথমবার। হাসান মাহমুদ ৫ উইকেট নেন। তাসকিন আহমেদ ৩টি ও ইবাদত নিয়েছেন ২ উইকেট।

স্পিনারদের সেভাবে বোলিংয়ের সুযোগই হয়নি। নাসুম আহমেদ মাত্র ৩ ওভার ও মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করেছেন। সাকিব আল হাসানকে বল হাতেই নিতে হয়নি।

ম্যাচসেরা হয়েছেন হাসান। আর দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

আগামী সোমবার থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এরপর ঢাকায় এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।