জিপিও মোড়ে বাসচাপায় বৃদ্ধ নিহত

রাজধানীর জিপিও মোড়ে বাসচাপায় আব্দুল জব্বার শরিফ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিপিওর প্রধান গেটের সামনে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। পরে পল্টন থানা পুলিশ ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সোয় ৭টার দিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়র হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিওর প্রধান গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় মতিঝিল গামী ওয়েলকাম নামে একটি বাস ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

ওই বৃদ্ধের কাছে থাকা ফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। মেয়ে হামিদা আক্তার ফোনে জানান, তার বাবার নাম আব্দুল জব্বার(৭৫)। তাদের গ্রামের পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা বন্ধুর সঙ্গে দেখা করতে কাকরাইল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।