সকালে কমে বিকেলে বাড়ল স্বর্ণের দাম

দুই দফা দাম কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। আজ শুক্রবার থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে মঙ্গল ও বুধবার দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়, যা গতকাল কার্যকর করার কথা ছিল। এরমধ্যে গতকালই আবারও দাম বাড়ার ঘোষণা আসে।

দাম বাড়ানোর যুক্তি হিসেবে সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম বেড়েছে।

মঙ্গল ও বুধবার দাম কমানোর আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সাত হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। রেকর্ড এই দাম নির্ধারণের পাঁচ দিনের মধ্যে তিন দফায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হলো।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৮৯৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা এক হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।