বঙ্গোপসাগর দিয়ে ঘনকালো মেঘ বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করায় উপকূল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলের নিচু রাস্তাঘাট ডুবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টিপাত আরও একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের চারটি বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আরও একদিন বৃষ্টিপাতের পর মাঝখানে দু-তিন দিন বিরতি দিয়ে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে বাগেরহাটের মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আমাদের মোংলা প্রতিনিধি জানান, হঠাৎ বৃষ্টিতে পৌর শহরের নিচু রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতার মতো অবস্থা হয়েছে। সকাল থেকে আকাশ রৌদ্রোজ¦ল থাকলেও দুপুর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বজ্রপাতের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এ এলাকায় হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে গত দুই-তিন দিন ধরেই। কখনো হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন আবার কখনো রৌদ্রোজ¦ল এমন আবহাওয়া বিরাজ করছে সাগর ও সুন্দরবনের এ উপকূলে।
এদিকে বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি নেমেছে উপকূলীয় এ এলাকার মানুষের মাঝে। সুপেয় পানির সংকট থাকায় বৃষ্টি নামলেই এ পানি সংরক্ষণের হিড়িক পড়ে যায়। অপরদিকে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুৎ। গতকাল দুপুরে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়, আসে বৃষ্টি কমার পরপরই।
মোংলা আবহাওয়া দপ্তরের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, বৃষ্টি ও মেঘলা আকাশ- এমন অবস্থা থাকতে পারে আগামী তিনদিন। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তিনি বলেন, কয়েকদিন ধরে কখনো বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ এ এলাকায় তাপমাত্রাও বৃদ্ধি পাবে।