জামালপুর জেলা ছাত্রলীগের সম্মেলনের পর কমিটির মেয়াদ শেষ হলেও হয়নি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদেই জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম চলছে। এতে পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত বছরের জেলা ছাত্রলীগের সম্মেলনে এক বছরের জন্য ছাত্রলীগের সভাপতি হিসেবে খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বীর নাম ঘোষণা দিয়ে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়।
ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, জামালপুর জেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটির মেয়াদ গতকাল ২৩ মার্চ শেষ হয়েছে। কিন্তু এখনো কোনো পূর্ণাঙ্গ হয়নি জেলা ছাত্রলীগের। এতে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, কমিটি তৈরি করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে বলে আশা করছি।