গরিবদের জন্য প্রতি লিটার ১০ টাকা দরে দুধ দিচ্ছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের এরশাদ উদ্দিন। গতকাল শুক্রবার প্রথম রমজান থেকে এ কর্মসূচি শুরু করেছেন তিনি। শেষ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। নিজের খামারে উৎপাদিত দুধ প্রতিদিন ৭০ থেকে ৮০ জনকে দিচ্ছেন এরশাদ উদ্দিন।
গতকাল সকালে সরেজমিনে তার খামার জে সি অ্যাগ্রোতে দেখা গেছে, নারী-পুরুষের লম্বা লাইন। সবাই ১০ টাকা দরে দুধ নিতে এসেছেন।
জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, ‘রমজান এলে জিনিসপত্রের দাম বাড়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে। গরিব মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র রমজান মাসে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করছি।’
জানা যায়, এরশাদের খামারে মোট ৪০০ গরুর মধ্যে গাভী ৬৫টি। দুধ দিচ্ছে ২৫টি গাভী। গত তিন বছর ধরে এভাবে দুধ বিক্রি করে আসছেন এরশাদ।